ইলেকট্রিক গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, ব্যক্তিগত ঋণের সীমাও বৃদ্ধি
দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমাও বৃদ্ধি করেছে।
এ-সংক্রান্ত একটি সার্কুলার মঙ্গলবার (৫ মে) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগ (ডেট-ইকুইটি) অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।
আরও পড়ুন
বিদ্যুৎচালিত স্কুটারের বিক্রি রমরমা, মোটরসাইকেলে ধস
চামড়া খাতে ঋণে বড় ছাড়, ‘কম্প্রোমাইজ’ পরিশোধ ছাড়াই মিলবে নতুন অর্থায়ন
এছাড়া ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু কোনো অবস্থায়ই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।
সার্কুলারে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে, যাতে ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।
এর আগে ২০০৪, ২০১৭ ও ২০২৪ সালে এ-সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছিল, নতুন সার্কুলারের মাধ্যমে সেগুলো বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ইএআর/একিউএফ