আটকে থাকা এনবিএফআই আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৬ মে ২০২৬
আটকে থাকা অর্থ দ্রুত ফেরতের দাবিতে নীরব প্রতিবাদে এনবিএফআইয়ের ক্ষতিগ্রস্ত আমানতকারীরা, ছবি: জাগো নিউজ

আটকে থাকা অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন অবসায়ণাধীন ছয়টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।

বুধবার (৬ মে) ‘এলায়েন্স অব ৬ এনবিএফআই ডিপোজিটর রিকভারি’র পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ১২ হাজারের বেশি আমানতকারী গত সাত বছর ধরে চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে রয়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় অনেক আমানতকারী ক্যানসার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসা করাতে পারছেন না। অর্থাভাবে চিকিৎসাবঞ্চনার কারণে এরই মধ্যে একাধিক আমানতকারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

আমানতকারীরা বলেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব রয়েছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

স্মারকলিপিতে আমানতকারীরা তিনটি দাবি তুলে ধরেন

জুলাই ২০২৬ সময়সীমার মধ্যে আমানত ফেরতের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ ঘোষণা, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের ব্যবস্থা, গভর্নরের সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগ দেওয়া।

আমানতকারীদের পক্ষে জাফর উল্লাহ খান স্মারকলিপিতে সই করেন। এ বিষয়ে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা।

ইএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।