নিম্ন আয়ের মানুষের জন্য ২ কোটি লিটার পাম তেল কিনবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১২ মে ২০২৬
টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৪৫ পয়সা/ফাইল ছবি

নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ তেল কেনার অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরির সভাপতিত্বে বৈঠকটি হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার উদ্যোগ নেওয়া হয়।

এজন্য দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) সবগুলো প্রস্তাবকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে। পরে যাচাই-বাছাই শেষে টিইসির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড তেল সরবরাহের কাজ পেয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮৪ টাকা ৪৫ পয়সা। প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করা হলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ কোটি লিটার। এর মধ্যে এখন পর্যন্ত ছয় কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৭৭৮ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

এমএএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।