বিমার সঙ্গে বস্ত্রের দাপট, পতনে বড় মূলধনের প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ মে ২০২৬
ফাইল ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা ও বস্ত্রখাতের কোম্পানি। এতে বড় হয়েছে দাম বাড়ার তালিকা। তবে বড় মূলধনের বাছাই করা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে কমেছে বাছাই করা সূচক। অবশ্য লেনদেনের পরিমাণ বেড়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখায় বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো।

বিমা ও বস্ত্রখাতের কোম্পানিগুলো দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকলে লেনদেনের শেষদিকে বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ার দামে এক প্রকার ঢালাও পতন হয়। ফলে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পরও মূল্যসূচক খুব একটা বাড়েনি।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৪টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানির মধ্যে ৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ২০টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে ৩৯টি বিমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৮টার এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে। আর বস্ত্রখাতের ৪০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৩টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৮২টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৩টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৩টির দাম বেড়েছে। বিপরীতে ৬টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ পয়েন্টে নেমে গেছে।

মূল্যসূচক মিশ্র থাকলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৫৬ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৪১ কোটি ২১ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শাহিনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১৯ লাখ টাকার। ২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- মেঘনা ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরি, মুন্নু সিরামিক, আরডি ফুডস, বিবিএস কেবলস এবং লাভেলো আইসক্রিম।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।

এমএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।