বিডিজবস চাকরি মেলায় উপচে পড়া ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ মে ২০২৬
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিডিজবস আয়োজিত কারিগরি চাকরি মেলা/ছবি: জাগো নিউজ

বিডিজবস আয়োজিত ‘কারিগরি চাকরি মেলা’য় উপচে পড়া ভিড় জমেছে চাকরিপ্রত্যাশীদের। এতে অংশ নিতে ২২ হাজার প্রার্থী নিবন্ধন করেছেন এবং চাকরির সুযোগ রয়েছে তিন হাজার।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে সকাল ৯টায় শুরু হওয়া এই মেলা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মেলায় চাকরিদাতা ৬০টি প্রতিষ্ঠান ও ২০টি ইনস্টিটিউট অংশ নিয়েছে।

মেলার উদ্বোধন করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আব্দুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাশরুর।

বিডিজবস চাকরি মেলায় উপচে পড়া ভিড়

আয়োজকরা জানান, মেলায় আয়োজিত সেমিনারের একটি সেশনে সিভি লেখা ও সাক্ষাৎকার বোর্ডে ভালো করার কৌশল নিয়ে আলোচনা করেন করপোরেট সিক্সের সিইও নিয়াজ আহমেদ। এছাড়া ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ে আরেকটি সেশন পরিচালনা করবেন আজলিবের প্রেসিডেন্ট ওয়াকিল আহমেদ।

বিডিজবস চাকরি মেলায় চাকরিপ্রত্যাশীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী ফিরোজ। তিনি জানান, এবারের মেলায় মোট ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ৬০টি প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রমে অংশ নিচ্ছে এবং বাকি ২০টি প্রতিষ্ঠান বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে তথ্য দিচ্ছে।

ফিরোজ জাগো নিউজকে বলেন, ‘এই মেলায় শুধু চাকরির সুযোগই নয়, তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পর্কেও জানতে পারছে। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ দুটি সেশনের আয়োজন করা হয়েছে।’

বিডিজবস চাকরি মেলায় উপচে পড়া ভিড়

চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণ প্রসঙ্গে ফিরোজ বলেন, ‘এই আয়োজন ঘিরে প্রায় ২২ হাজার তরুণ-তরুণী অনলাইনে নিবন্ধন করেছেন। আশা করছি, দিনের শেষে তাদের বড় একটি অংশ মেলায় উপস্থিত হবেন।’

তিনি জানান, মেলায় ২০০টির বেশি পদের জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

মেলায় কথা হয় তেজগাঁও কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করা আসিফের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখানে এসে সিভি কীভাবে লিখতে হয় তা দেখলাম। ভাইভা বোর্ডে অংশ নেওয়ার কিছু নতুন টিপসও জানতে পেরেছি। কয়েকটি প্রতিষ্ঠানে সিভি জমা দিলাম। এ ধরনের আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিত।’

আয়োজকদের আশা, চাকরি ও দক্ষতা উন্নয়ন- দুই ক্ষেত্রেই তরুণদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে এবারের বিডিজবস চাকরি মেলা।

ইএইচটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।