আবারও রাস্তায় নামবেন ব্যবসায়ীরা
চলমান রাজনৈতিক পরিস্থিতে আবারও রাস্তায় নামতে যাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ১০ম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।
কাজী আকরাম বলেন, আমরা ব্যবসায়ীরা চলমান পরিস্থিতি ও সন্ত্রাসবাদের বিপক্ষে শিগগিরই রাস্তায় নামব। কিছু সময় রাস্তায় অবস্থান করবো। তবে কবে, কখন এবং কোথায় তা পরিস্কার করেননি তিনি।
তিনি বলেন, আমরা কোন রাজনৈতিক দলের বিপক্ষে কিছু বলতে চাই না। বলবও না। আমরা সমাধান চাই। সন্ত্রাসবাদের বিপক্ষে রাস্তায় নামতে চাই। আমি আপনাদের আহবান জানাবো, রাস্তায় নামতে।
এদিকে, বুধবার মানব বন্ধনের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বুধবার বেলা এগারোটায় সংগঠনটির নেতারা এবং ব্যবসায়ী ও শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে মানব বন্ধব করবে। এছাড়া বুধবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে চলমান সংকটের অবসান চাইবেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। গত রোববার ঢাকা চেম্বার অব কর্মাসও সংবাদ সম্মেলন করে চলমান সংকটের অবসান চান।
এর আগে গত ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে সাদা পতাকা নিয়ে মতিঝিলে ফেডারেশন ভবনের সামনে অবস্থান নিয়েছিলো ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসএ/ এএইচ