জিএসপি ছাড়াও রফতানিতে কোন প্রভাব পড়বে না : তোফায়েল
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা না পেলেও রফতানিতে এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা শিগগিরই পাওয়ার কোন সম্ভাবনা নেই। তবে জিএসপি সুবিধা না পেলেও রফতানি খাতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, চলমান তথাকথিত আন্দোলনে দেশের ব্যবসা-বাণিজ্যের তেমন কোন প্রভাব পড়েনি। পোশাক কারখানাসহ দেশের সকল কলকারখানায় স্বাভাবিক কাজ চলছে। আইন-শৃংখলা বাহিনীর তত্ত্বাবধানে মালামাল আমদানি-রফতানি কার্যক্রম চলছে।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের পক্ষে পীর ফজলুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, স্থায়ী বাণিজ্য মেলা কমপ্লেক্সটি নির্মাণের জন্য চীন সরকার ২১০ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রকল্পের জন্য উপযুক্ত জমি না পাওয়ায় প্রকল্পের কাজ শুরু করা যায়নি। ইতোমধ্যে ২০১৪ সালের আগস্টে রাজউক পূর্বাচল উপশহরে ২০ একর জমি বরাদ্দ দিয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। ডিপিপি একনেকে অনুমোদন হলে প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।
মন্ত্রী আরো বলেন, স্থায়ী বাণিজ্য মেলা কমপ্লেক্স নির্মাণ হলে সেখানে সারাবছর মেলা অনুষ্ঠিত হবে। এতে ব্যবসা-বাণিজ্যে আরো গতি পাবে।
আরএস