তিন প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র ৫৩৬তম কমিশন সভায় মঙ্গলবার এ জরিমানা হরা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।

প্রতিষ্ঠান তিনটি হলো- পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সাউথ এশিয়া সিকিউরিটিজ এবং পাবলিক লিমিটেড কোম্পানি এ এ রসায়ন শিল্প লিমিটেড।

বিএসইসি জানিয়েছে, টানা তিন বছর নিজস্ব ডিলার হিসাবে কোনো লেনদেন না করে, প্রতিষ্ঠানটির পরিচালকদের ঋণসুবিধা দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি। এ কারণে প্রতিষ্ঠানটিকে এককভাবে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান সাউথ এশিয়া সিকিউরিটিজ ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা এবং ঋণচুক্তি ছাড়া গ্রাহককে ঋণসুবিধা দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এককভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর বাইরে ফরিদপুরের বিসিক শিল্পনগরে অবস্থিত এ রসায়ন শিল্প প্রতিষ্ঠানটি বিএসইসির অনুমোদন ছাড়া কয়েক দফায় মূলধন বৃদ্ধি বা পুঁজি উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুই দফা বিএসইসির পূর্ব অনুমোদন ছাড়াই মূলধন সংগ্রহ করে। যদিও মূলধন সংগ্রহের পর সেটির অনুমোদনের জন্য কমিশনে আবেদন করা হয়। কিন্তু পূর্ব অনুমোদন ছাড়া মূলধন সংগ্রহ করে কোম্পানিটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।

এসআই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।