হাতছাড়া হচ্ছে যুক্তরাজ্যের সবজি বাজার


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

যুক্তরাজ্যে বাংলাদেশের কৃষি পণ্যের বড় রফতানি বাজার হাতছাড়া হতে চলেছে। আন্তর্জাতিক মান বজায় রাখতে না পারায় সবজি রফতানি কমেছে ৭৫ শতাংশ। ব্রিটিশ-বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

তথ্য মতে, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সবজির আড়ালে নিষিদ্ধ পণ্য রফতানিতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জাহাজিকরণকৃত পণ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইতোমধ্যে পান রফতানি বন্ধ হয়েছে। ১৫ ধরনের সবজির চালানের ওপর সতর্কতা আরোপ করা হয়েছে।

এ অবস্থায় উদ্বিগ্ন ব্রিটিশ-বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, ইউকের একটি প্রতিনিধি দল গত বছরের অক্টোবরে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

অ্যাসোসিয়েশন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করে বিমান ভাড়া বৃদ্ধির ফলে সবজি রফতানিতে সৃষ্ট সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অ্যাসোসিয়েশনের সঙ্গে হাইকমিশন আলোচনা করেছে। অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনারকে এক চিঠিকে তাদের সমস্যাগুলো বিশদভাবে তুলে ধরেছে।

বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান গত ১৮ নভেম্বর বাণিজ্য সচিব ও কৃষি সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে (ইউরোপ) এক চিঠিতে জানান, গত ১ দশক থেকে যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি ব্যাপক চ্যালেঞ্জের মুখে।

ইউরোপীয় ইউনিয়ন আমাদের জাহাজিকৃত পণ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইতোমধ্যে পান আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া ১৫টি সবজির ওপরও সতর্কতা আরোপ করা হয়েছে। এতে যুক্তরাজ্যে রফতানি বেশ হ্রাস পেয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি-দাওয়ার বিষয় বিবেচনা ও দ্রুত ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দিয়েছেন কমার্শিয়াল কাউন্সিলর।

এদিকে গত ২৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অধিশাখা-১ থেকে রফতানিযোগ্য সবজি পণ্যের মান নিয়ন্ত্রণ করে যুক্তরাজ্যে বাজারজাতকরণ সংক্রান্ত বিষয়ে বিমান মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে বলা হয়, ব্রিটিশ বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সবজি আমদানির ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরেছে।

এসআই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।