বেড়েছে প্রাণ-এর শেয়ার-প্রতি আয়
খাদ্য এবং আনুষঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল প্রাণ-এর শেয়ার-প্রতি আয় বা ইপিএস আগের বছরের তুলনায় ৭ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। এবার এই আয় ৩ টাকা ২৫ পয়সা। কোম্পানিটির অর্ধবার্ষিকী (জুলাই, ১৪ -ডিসেম্বর,১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে থেকে এই তথ্য উঠে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ০৩ পয়সা।
গত ৩ মাসে (অক্টোবর, ১৪ –ডিসেম্বর, ১৪) কোম্পানির মুনাফা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। আর শেয়ার-প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৭৬ পয়সা।
/এসআরজে/