এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে লড়ব : মনোয়ারা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচন করতে চান মনোয়ারা হাকিম আলী। তিনিই প্রথম কোনো নারী হিসেবে দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সংগঠনের সভাপতি পদে মনোনয়ন চাচ্ছেন। এফবিসিসিআই ভবনে জাগোনিউজের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন এফবিসিসিআই নির্বাচনে নিজের প্রার্থীতার কথা জানান।
মনোয়ারা হাকিম আলী জানান, নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। প্রায় পাঁচ বছর দেশের চেম্বার সংগঠনগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগাতে বদ্ধপরিকার এই নারী উদ্যোক্তা।
এদেশের নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার অভিযাত্রা তার অগ্রভাগে থাকবেন মনোয়ারা হাকিম আলী। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে এই উদ্যোক্তার যাত্রা শুরু।
এফবিসিসিআই সভাপতি হলে ব্যবসায়ীদের জন্য কী কাজ করতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবসময় ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। সরকারের সঙ্গে নানা বিষয়ে নেগোসিয়েশন করতে হয়। সেগুলো করবো। ব্যাংকের সুদ এক অংকের ঘরে নিয়ে আশার বিষয়ে কাজ করবো।
চলমান রাজনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে মনোয়ারা হাকিম বলেন, হরতাল অবরোধে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। আমরা তাই আইনের আশ্রয় নিয়েছি। প্রয়োজনে ভবিষ্যতে আরো কঠোর হবে ব্যবসায়ীরা।
মনোয়ারা হাকিম আলী বলেন, আমি গত পাঁচ বছর এমন একটি পরিবেশে কাজ করছি যেখানে পুরুষদের সংখ্যাই বেশি। এখানে চলার পথে আমার কোনো সমস্যা হয়নি। সবক্ষেত্রেই আমি সবার সহযোগিতা পেয়েছি। এমন পরিবেশ নিয়ে অনেক নারীর মধ্যেই এক ধরনের দ্বিধা রয়েছে। আমি সেই দ্বিধা ভেঙ্গে ফেলতে চাই। আমি চাই আমাকে দেখে অন্য নারীরা এগিয়ে আসুক। তাদের সঙ্গে নিয়ে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সে কারণেই এফবিসিসিআই এর মতো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের শীর্ষ পদে আমি নির্বাচন করছি। এই পর্যন্ত এসে আমি যদি থেমে যাই তাহলে অনেকেই আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবে না।
চট্টগ্রাম মহিলা চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি ও সফল এই নারী উদ্যোক্তা বলেন, একজন নারী একাধারে মা, বোন বা কারো স্ত্রী। এ নারীরা আমাদের সমাজে বিভিন্নরূপে আবির্ভূত হয়ে সব বাধা পেরিয়ে সফলভাবে এগিয়ে যায়।
এফবিসিসিআই নির্বাচন নিয়ে তিনি বলেন, আমি নারীদের এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়েই এই নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখনো প্রচারণ সেইভাবে শুরু করিনি। তবে গত পাঁচ বছর আমি চেম্বার নিয়ে কাজ করেছি। দেশের ৬৪টি জেলায় চেম্বার রয়েছে। আমি কখনো ওয়াদা ভঙ্গ করিনি। ফলে নির্বাচনের জয়ের বিষয়ে আমার আত্মবিশ্বাস রয়েছে।
প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য (২০১৫-১৭) এফবিসিসিআইর কার্যনির্বাহী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ২৩ মে ভোট হবে পরিচালক পদের বিপরীতে। সভাপতি, সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের অন্যান্য পদে ভোট হবে ২৫ মে।
মনোয়ারা হাকিম আলী চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি। এ চেম্বারের প্রতিনিধি হিসেবেই তিনি এফবিসিসিআইয়ের সহ-সভাপতি নির্বাচিত হন।
মনোয়ারা হাকিম আলী বর্তমানে মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, জেনেটিকা লিমিটেড, ইন্ট্রাকো সিএনজিসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইন্ট্রাকো গ্রুপ ও আল-মোস্তাফা ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
১৯৫৮ সালে চট্টগ্রামে জন্ম নেয়া মনোয়ারা হাকিম আলী উঠে এসেছেন চেম্বার থেকেই।
এসআই/এসএ/পিআর