উভয় শেয়ারবাজারে ব্যাপক দর পতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দর পতন হয়েছে। মূল্যসূচক কমেছে দুই বাজারেই। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে দর পতন হলো।
জানা গেছে, দিন শেষ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৫ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ৫৬ পয়েন্ট। এসময় কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরও।
বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে চার হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে। তবে বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। বুধবার লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৮৯ কোটি টাকা।
ডিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৫টির, কমেছে ১৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা।
এসআই/এএইচ/পিআর