দেশে গ্যালাক্সি এস ৬ ও এজ নিয়ে এলো গ্রামীণফোন
দেশে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ নিয়ে এলো গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকরা আগামী ২৩ মার্চ থেকে হ্যান্ডসেটগুলো প্রি-বুক করতে পারবেন।
জানা গেছে, বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে বুধবার এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট হাসিবুল হক এবং স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস (প্রাই) লিঃ বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক সিএস মুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ মাসের শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষিত স্যামসাং গ্যালাক্সি এস ৬ এবং এস ৬ এজ এ বছরের বহুল প্রত্যাশিত ফোনগুলোর মধ্যে অন্যতম। গ্যালাক্সি ৬ এর দাম পড়বে ৬৯,৯০০ টাকা এবং এস ৬ এজ এর দাম হবে ৭৯,৯০০ টাকা। গ্রামীণফোনের গ্রাহকরা ৯,৯০০ টাকায় প্রি-বুকিং করতে পারবেন এবং পরবর্তীতে মাসিক মাত্র ২৫০০ টাকা হিসেবে ২৪টি সহজ কিস্তিতে বাকি দাম পরিশোধ করতে পারবেন।
গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট হাসিবুল হক বলেন, বাংলাদেশের টেলিকম খাতের নেতৃত্বদানকারী গ্রামীণফোন সব সময় তার গ্রাহকদের সেরা জিনিষটি প্রদানে কাজ করে যাচ্ছে। স্যামসাং এর নতুনতম হ্যান্ডসেট এনে গ্রামীণফোন তার প্রযুক্তি উৎসাহী গ্রাহকদের চাহিদা পূরণে তার সদিচ্ছার প্রমাণ রাখলো।
এসএ/এএইচ/আরআই