দুর্নীতিতে নর্থ-ওয়েস্ট পাওয়ারের শত কোটি টাকা অপচয়
রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে ব্যাপক অনিয়ম-দূর্নীতি চলছে। আর এই অনিয়ম-দুর্নীতির কারণে ইতোমধ্যে সরকারের প্রায় শত কোটি টাকা অপচয় হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। কমিটির আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।
জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম জাগো নিউজকে জানান, অভিযোগের বিষয়টি শুনেছি। কিন্তু এই মুহুর্তে করণীয় কিছু নেই। অভিযোগ সুনির্দিষ্ট হলে কমিটির বৈঠকে তা আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে এই কোম্পানিতে নানা অনিয়ম-দুর্নীতি চলছে। সিরাজগঞ্জে গ্যাস থাকা সত্ত্বেও সেখানে ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টে ডুয়েল ফুয়েল সিস্টেম চালুর কারণে ১৭ কোটি টাকা অপচয় হয়েছে। খুলনায় গ্যাস না থাকলেও সেখানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালুর কাজ শুরু করা হয়েছে। এতে ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। চুক্তিতে উল্লেখ না থাকলেও ভেড়ামারা ৪১৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে ফাইলিং সিস্টেমের মাধ্যমে ২৪ কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে। এছাড়া সুনির্দিষ্ট কারণ ছাড়া বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকা খরচ দেখানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, একটি সিন্ডিকেট এই কোম্পানির নিয়োগ, পদোন্নতি ও বদলি নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মচারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এসকল অনিয়ম-দুর্নীতির মূলে রয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম। যিনি দ্বিতীয়বার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করছেন। আর তৃতীয় দফায় নিয়োগের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন। লিখিত আবেদনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়েছে।
এসএইচ/বিএ/আরআইপি