পরিবেশবান্ধব ইট তৈরিতে অর্থ সহায়তা বৃদ্ধি হয়েছে : গভর্নর


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

পরিবেশবান্ধব ইট তৈরি প্রকল্পে বাংলাদেশ ব্যাংক আর্থিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি এ খাতে অর্থায়নের পরিমাণ বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার রাজধানীতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ইট তৈরিতে বিনিয়োগ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন,‘বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য হলো- প্রচলিত উৎপাদন পদ্ধতির বাইরে গিয়ে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা। জীবনযাপনে পরিবেশবান্ধব জ্বালানি শক্তির ব্যবহার বাড়ানো। এজন্য আমরা পরিবেশবান্ধব খাতে অর্থায়ন যেমন অব্যাহত রেখেছি, তেমনি এখাতে অর্থায়ন বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, জিডিপিতে ইটভাটার অবদান প্রায় ১ শতাংশ এবং এ খাতে প্রায় ১০ লাখ মানুষ কর্মরত রয়েছে। কিন্তু অধিকাংশ ইটভাটা কয়লাভিত্তিক হওয়ায়, এর মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এ জন্য আমরা আগে ভাগেই এ খাত পরিবেশবান্ধব করার উদ্যোগ নিয়েছি।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বাংলাদেশ ব্যাংক ৪০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এই তহবিলের অর্থ পরিবেশবান্ধব ইটভাটায় অর্থায়ন করা হচ্ছে বলেও জানান ড. আতিউর রহমান।

গভর্নর বলেন, ইডকল এই খাতের জন্য ৪০০ কোটি টাকার আরো একটি তহবিল গঠন করায় এখন অর্থায়ন প্রাপ্তি আরো সহজ হয়েছে।

অনুষ্ঠানে ইটকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিকসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইটভাটার মালিকরা উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।