পুঁজিবাজারের মূল সমস্যা একক গ্রাহক ঋণ সীমা


প্রকাশিত: ০৮:১২ এএম, ৩০ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারের মূল সমস্যা হচ্ছে সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট বা একক গ্রাহক ঋণসীমা সমন্বয় করা বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।

বৃহস্পতিবার সকালে পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি । বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির আলোচনা করা হয়।

স্বপন কুমার বালা বলেন, বাংলাদেশ ব্যাংকের এক্সপোজার লিমিট নিয়ে পুঁজিবাজারে যে সমস্যা রয়েছে তার সমাধানে বিএসইসির সঙ্গে আলোচনা করেছি। কারণ সিঙ্গেল এক্সপোজার ইক্যুয়েটির ২৫ শতাংশ ও কনস্যুলেটেড এক্সপোজার ইক্যুয়েটির ৫০ শতাংশ যা আগামী বছরের ২১ জুলাইয়ের পরে আইনে বাস্তবায়ন হওয়ার কথা।

তিনি আরো বলেন, এক্সপোজার লিমিটের কিছু জটিলতা রয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংকের আইনের কিছু জায়গায় বলা আছে যে কিছু জিনিস এক্সপোজারে আসবে না। এই যে রেগুলেশনের ওভারলেপিং রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০১৬ সালের মধ্যে ব্যাংকের বিনিয়োগ ও একক গ্রাহক ঋণসীমা সমন্বয় করতে হবে। এটি বাজারের মূল সমস্যা। এটির সময় সীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো।

এ নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসার জন্য চেষ্টা করেছি। কারণ মার্কেটের মূল সমস্যার একটা বড় সমস্যা বলা হয় ব্যাংকের সাবসিডিয়ারি বা যারা বাংলাদেশ ব্যাংকের মধ্যে পড়েন। এটা তাদের সমস্যা, যা পুঁজিবাজারে এক নম্বর সমস্যা। বাজারে কোনো সিকিউরিটিজের দাম বেড়ে গেলে এদের এক্সপোজার বেড়ে যায়। কারণ এটা মার্ক টু মার্ক অ্যাকাউন্টিং ফলো করা হয়। আবার ট্রেড না করলেও এদের ট্রেড বেড়ে যায় বা কমে যায়। এটা তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত।

পুঁজিবাজারের কোম্পানি ও অংশীদারী ফার্মের উপর ১০ শতাংশ হারে মূলধনী মুনাফার কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স কোম্পানির মাধ্যম্যে আদায়ে জন্য বলা হয়েছে।

কোম্পানি ও অংশীদারী ফার্মের উপর ১০ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে, যা চলতি অর্থবছরে (২০১৪-২০১৫) আয়কর অধ্যাদেশের ৫৩ও [৫৩ঙ] ধারার অধীনে উৎসে কর্তনযোগ্য।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, আরিফ খান, মো. এ সালাম শিকদার ও ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।