এফবিসিসিআই নির্বাচন : দ্বন্দ্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। অ্যাসোসিয়েশনের পরিচালক পদে প্রার্থীর সংখ্যা বেশি ও কয়েকটি গ্রুপ তৈরী হওয়ার কারণে বিলম্ব হচ্ছে প্যানেল ঘোষণা। যার ফলে চেম্বার গ্রুপের পূর্ণাঙ্গ প্যানেল হলেও এখনো হয়নি অ্যাসোসিয়েশন প্যানেল।
ব্যবসায়ীরা জানান, প্যালেন গঠন নিয়ে যারা দ্বন্দ্ব সামাল দিতে পারছে না, তারা এফবিসিসিআইয়ের মতো বড় ব্যবসায়ি সংগঠন কিভাবে চালাবেন তা নিয়ে সংশয় রয়েছে।
জানা গেছে, ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বর্তমান এফবিসিসিআইয়ের প্রথম-সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’এর নেতৃত্ব দিচ্ছেন। পরিচালক পদে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জাগো নিউজকে জানান, অ্যাসোসিয়েশন গ্রুপে পরিচালক পদে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। কাকে রেখে কাকে নিবো এজন্য কিছুটা সময় লাগছে। এছাড়াও অ্যাসোসিয়েশনে দুই তিনটি গ্রুপ হয়েছে। অ্যাসোসিয়েশন গ্রুপ নিজেই আলাদা প্যানেল ঘোষণা দিতে পারে। এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আশা করছি খুব শিগগিরই অ্যাসোসিয়েশনে প্যানেল ঘোষণা আসবে।
তবে একটি সূত্রে জানা গেছে, রোববার বিকেলে অ্যাসোসিয়েশন গ্রুপের একটি আলাদা প্যানেল ঘোষণা হতে পারে। এদিকে, শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মনোয়ারা হাকিম আলী চেম্বারের ১৬ সদস্যের নাম প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার ‘উন্নয়ন পরিষদ’ নামে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩২ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
উল্লেখ্য, এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২ পদে সরাসরি নির্বাচন হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।
এসআই/এএইচ/পিআর