৫০ হাজার টাকা লভ্যাংশ করমুক্ত চায় স্টক এক্সচেঞ্জ
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লভ্যাংশের করমুক্ত লভ্যাংশের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) এর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট প্রস্তাবনায় এ দাবি জানান ডিএসই ও সিএসই।
প্রস্তাবে আগামী অর্থবছরে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব করা হয়। ডিমিউচ্যুয়ালাইজেশনের স্কীমের আওতায় স্টক এক্সচেঞ্জের যে সংস্কার চলছে তা চলমান রাখতে কর অবকাশ আগামী পাঁচ বছরের জন্য শতভাগ অব্যাহতি সুবিধা চেয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছর স্টক এক্সচেঞ্জের আয়কে শতভাগ কর অব্যাহতি সুবিধা দিয়েছে সরকার। তবে পরের বছরগুলোতে কর অব্যাহতির হার পর্যায়ক্রমে কমবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী অর্থবছরে আয়ের ৮০ শতাংশ ও পরের অর্থবছর ৬০ শতাংশ হারে কর অব্যাহতি সুবিধা পাবে। আর ২০১৭-১৮ অর্থবছরে কর অব্যাহতি মিলবে আয়ের ৪০ শতাংশ এবং তার পরের অর্থবছর কর অব্যাহতির হার হবে ২০ শতাংশ।
তবে ডিএসইর প্রস্তাবে আগামী পাঁচ বছর তাদের আয়কে শতভাগ কর অব্যাহতি সুবিধা চাওয়া হয়েছে।
বিদ্যমান বিধান অনুযায়ী, অর্থবছর শেষ হওয়ার আগেই ক্যাপিটাল গেইন ট্যাক্স কর্তনের ভার সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক বা সদস্য কম্পানিগুলোকে নিতে হচ্ছে। এ বিধান প্রত্যাহারের সুপারিশ করেছে ডিএসই।
বর্তমানে কোনো শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা অন্য সিকিউরিটিজ হস্তান্তরের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সদস্যদের দশমিক ০৫ শতাংশ হারে কর কর্তনের বিধান রয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন অর্থবছরে এটি কমিয়ে দশমিক ০১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছরের আয়কর নীতি অনুযায়ী, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর আয়ের উপর ২৭ দশমিক ৫ শতাংশ ও নিবন্ধিত নয় এমন কোম্পানির উপর ৩৫ শতাংশ হারে কর্পোরেট কর বহাল রয়েছে। নতুন অর্থবছরে নিবন্ধিত কোম্পানিগুলোর উপর আরোপিত করহার কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়।
এছাড়া নিবন্ধিত কোম্পানিগুলোর উপর থেকে করের বোঝা কমালে আরো বেশি কোম্পানি পুঁজিবাজারে আসতে উৎসাহ পাবে বলে মনে করে ডিএসই।
প্রাক-বাজেট আলোচনায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়াসহ বিমা সংস্থার, আর্থিক প্রতিষ্ঠান, এসএমই ফাউন্ডেশনের ও এনবিআরের সংশ্লিষ্ট সদস্যরা।
এসআই/আরএস/আরআই