শুধু রমজানে নয় সারাবছর ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য
কেবলমাত্র রমজান নয়, সারাবছর নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন। মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
রমজান মাসে চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি মজুদ থাকায় দাম স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, রমজান উপলক্ষে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, ছোলা, রসুনসহ নিত্যপণ্যের চাহিদামাফিক পর্যাপ্ত মুজদ আছে। কোন পণ্যের সংকট বা সরবরাহের ক্ষেত্রে সমস্যা হবে না।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা বিশেষ করে বড় আমদানিকারকরা আমাদের আশ্বস্ত করেছে, নিত্যপণ্যের মজুদ ও সরবরাহের মধ্যে সমন্বয় করবেন। আর পর্যাপ্ত মজুদ থাকায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবেন না।
তবে রমজানে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে এ সময় তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।
সভায় চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, ছোলা, হলুদ, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের বর্তমান চাহিদা ও মুজদ পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, সব পণ্যের চাহিদার তুলনায় মজুদ বেশি আছে। এখন ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা এর সরবরাহ ঠিক রাখবো।
ব্যবসায়ীদের প্রতি অগাধ আস্থার কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আপনাদের সহযোগিতার কারণে গত রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক ছিলো। এবারও একই ধরনের সহযোগিতা করবেন বলে আশা রাখছি।
এসএইচএস/আরএস/আরআইপি