অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ এএম, ১৫ মে ২০২৬
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার/ ফাইল ছবি

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস। এদিন রাতে তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন মো. সরওয়ার।

সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।

তবে নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে বদলি করা হলেও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

অবসরে যাওয়া মো. সরওয়ার ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিকের দায়িত্বে থাকাকালীন ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনেন। বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার সিংহভাগ তার অবদান।

টিটি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।