ডাকসুর উদ্যোগে চালু হচ্ছে ঢাবির শনিবারের বাস ট্রিপ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অবশেষে চালু হতে যাচ্ছে শনিবারের বাস ট্রিপ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টায় প্রথমবারের মতো সরকারি ছুটির দিন শনিবারেও বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে নিয়মিত ট্রিপ পরিচালিত হবে। এতে সপ্তাহান্তে ক্লাস, পরীক্ষা, গবেষণা, ল্যাব কার্যক্রম ও ব্যক্তিগত প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করা হাজারও শিক্ষার্থীর ভোগান্তি কমবে বলে মনে করছেন ডাকসু নেতারা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভিসি মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন বাসরুটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবারের বাস ট্রিপ চালুর বিষয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করার পর অবশেষে এ সেবা চালু করা সম্ভব হয়েছে। শনিবারের বাস ট্রিপ চালুর মাধ্যমে ডাকসুর আরেকটি ইশতেহার বাস্তবায়ন হলো। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আমরা এর আগে সন্ধ্যাকালীন বাস সার্ভিস চালু করেছি। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে টোল ফ্রি সুবিধা, তরঙ্গ রুট সম্প্রসারণ, বসন্ত ও শ্রাবণ রুটের সমস্যা সমাধান এবং কুমিল্লা রুট চালুসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বসন্ত বাস রুটের সভাপতি খাদিজা বলেন, শনিবারে সময়মতো ক্লাস ও পরীক্ষায় পৌঁছানো অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ ছিল। নতুন এ বাসসেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, ডাকসুর উদ্যোগ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার ফলেই শনিবারের বাস ট্রিপ চালু হচ্ছে। সরকারি ছুটির দিন হলেও অনেক সময় একাডেমিক কার্যক্রম চালু থাকে, ফলে শিক্ষার্থীরা এ সেবার সুফল পাবে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি নিরসনে ডাকসু সবসময় বাস্তবধর্মী পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবারের বাস ট্রিপ চালু হওয়ায় দূরবর্তী ও অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং তাদের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির, তাজিনুর রহমান ও উম্মা উসওয়াতুন রাফিয়া।
এফএআর/কেএএ/