ডিএসইতে আজও কারিগরি ত্রুটি : শুরু হয়নি লেনদেন


প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৫ মে ২০১৫

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও লেনদেন যথাসময়ে শুরু হয়নি। কারিগরি ত্রুটি সমাধান হলেই লেনদেন চালু হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার নিয়ম থাকলেও পৌণে এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জাগো নিউজকে জানান, কারিগরি ত্রুটির কারনে রোববারের মত আজ সোমবারও ব্রোকারেজ হাউজগুলোর ফাইল আপলোড না হওয়ায় যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। কারিগরি ত্রুটি সমাধানে ডিএসইর আইটি বিভাগ কাজ করছে। ত্রুটিমুক্ত হলেই ডিএসইতে লেনদেন চালু হবে।

প্রসঙ্গত, গতকাল রোববার কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল ৩ ঘণ্টা ৫০ মিনিট। পরে ২টা ২০ মিনিটে লেনদেন চালু হয়ে শেষ হয় ৪টায়।

এসআই/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।