একনেকে ৯ প্রকল্প অনুমোদন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নতুন একটি দুগ্ধ কারখানা করা সহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত ৯ প্রকল্পে মোট ব্যয় হবে ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকার বহন করবে ২ হাজার ২৭৯ কোটি টাকা। প্রকল্প সহায়তা পাওয়া যাবে ৩ হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। আর সংস্থাগুলোর নিজস্ব তহবিল থাকছে ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত মিল্কভিটায় নতুন করে আরো একটি গুঁড়ো দুধ তৈরির প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্তও নেয়া হয়। এজন্য ‘সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাটে গুঁড়ো দুগ্ধ কারখানা স্থাপন’ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মিল্কভিটা ২০১৭ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে সভায় জানানো হয়।

সভায় আরো বলা হয়, নতুন এ প্ল্যান্টটি স্থাপিত হলে গুড়ো দুধের উৎপাদন দৈনিক ২৫ মেট্রিক টন বেড়ে যাবে যা প্রয়োজনীয় চাহিদার কিছুটা হলেও মেটাবে। বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ২১ হাজার ৭০০ মেট্রিক টন গুঁড়ো দুধ আমদানি করে। সে হিসেবে গড়ে দৈনিক আমদানির পরিমাণ প্রায় সাড়ে ৫৯ মেট্রিক টন। অপরদিকে, মিল্কভিটায় গুঁড়ো দুধ তৈরির একমাত্র যে প্ল্যান্টটি বর্তমানে রয়েছে তার দৈনিক উৎপাদন ক্ষমতা সাড়ে ১২ মেট্রিক টন।

দেশের গুঁড়ো দুধের চাহিদা মেটাতে এ প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন,‘ শাহজাদপুরে দৈনিক প্রায় সাড়ে ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। এর মধ্যে মিল্কভিটা আড়াই থেকে সাড়ে তিন লাখ লিটার দুধ সংগ্রহ করে যা দিয়ে তারা পাস্তুরিত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত দ্রব্য তৈরি করে সারাদেশে সরবরাহ করে। কিন্তু অবশিষ্ট দুধ বাজারজাতকরণে সমস্যায় পড়েন ক্ষুদ্র খামারীরা। বিশেষকরে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কালকে দুধ উৎপাদনের মৌসুম বলা হয়, সে সময় উৎপাদিত অতিরিক্ত দুধ বাজারজাতকরণে সত্যিকারভাবেই সমস্যায় পড়েন ক্ষুদ্র খামারীরা। সেই সাঙ্গে বর্ষা মৌসুমের যাতায়াত সমস্যাতো আছেই।

সেজন্যই এ এলাকায় দৈনিক উৎপাদিত ২ লাখ লিটার কাঁচা দুধ প্রক্রিয়াকরণ করে দৈনিক ২৫ মেট্রিক টন গুঁড়ো দুধ উৎপাদন করতে চাইছে সরকার। সরকার বিশ্বাস করে এতে করে দুধের খামারীদের স্বার্থ যেমন রক্ষা হবে, সেই সাঙ্গে কমবে গুঁড়ো দুধের আমদানিও।’

অপরদিকে, আজকের একনেক সভায় মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথটিকে পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য একনেকে ৬৭৮ কোটি টাকার একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয় । মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ১২২ কোটি টাকা। বাকি ৫৫৬ কোটি টাকা ভারত সরকার বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে।

সরকার বলছে সাড়ে ৫১ কিলোমিটার দৈর্ঘের এ রেলপথটিকে আরো ৯ কিলোমিটার বাড়িয়ে ভারতীয় সীমান্ত পর্যন্ত ডুয়েলগেজে রূপান্তরিত করে চালু করলে বাংলাদেশ ভবিষ্যৎতে আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওযার্ক উভয়ের সাথেই যুক্ত হতে পারবে। ফলশ্রুতিতে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

দেশের ২২টি জেলার ১০৬টি উপজেলার  ১০৩০টি ইউনিয়নের গ্রামীণ অতি দরিদ্র মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আজকের একনেক সভায় ৮৫৩ কোটি টাকার আরো একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত এ প্রকল্পটির নাম সম্ভাবনাময় উৎপাদনশীল কাজে নারীদের সক্ষমতার উন্নয়ন। সংক্ষেপে এ প্রকল্পের নাম স্বপ্ন। প্রকল্পটিতে সরকার ২১৩ কোটি টাকা দেবে। বাকি ৬৪০ কোটি টাকা উন্নয়ন সহযোগি সংস্থা ইউএনডিপি অনুদান হিসেবে দেবে।

প্রকল্পটিকে সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প আখ্যা দিয়ে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, গ্রামে যেসব ঋতুতে কাজ থাকে না, সেসব ঋতুতে খণ্ডকালীন কাজের সুযোগ সৃষ্টি করে দরিদ্র মহিলাদের দারিদ্রের ফাঁদ থেকে সামাজিক সুরক্ষা দিতেই আমরা এ প্রকল্পটির অনুমোদন দিয়েছি। এ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণসহ  বিভিন্ন কাজে দরিদ্র মহিলাদের  দৈনিক ২০০ টাকা করে মজুরি দেয়া হবে। এ মজুরি থেকে দৈনিক  ৫০ টাকা ব্যাংকে জমা রাখা হবে । ফলে দেড় বছরে তার ২৫ হাজার টাকা জমা হয়ে যাবে। পরবর্তীতে এ পুঁজি  খাটিয়ে তিনি তার আয় আরো বাড়াতে পারবেন।

আজকের একনেক সভায় আরো যেসব প্রকল্পের অনুমোদন দেয়া হয় তা হলো ৬১ কোটি টাকায় ‘বরিশাল সিটি কর্পোরেশন এলাকার অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন কাজ’, ৫৬ কোটি টাকায় ‘জামালপুর শহর বাইপাস সড়ক নির্মাণ’, ৮৮ কোটি টাকায় ‘কন্সট্রাকশন অব কোরস অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুল এট সাভার ক্যান্টনমেন্ট’, ২১৭ কোটি টাকায় ‘হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন’এবং ৩৬ কোটি টাকা ব্যয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগর এলাকায় মেঘনা নদীর বামতীরে প্রতিরক্ষামূলক কাজ’।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।