ইলিশ বাজারে বৈশাখী হাওয়া


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৮ এপ্রিল ২০১৬

সপ্তাহ গড়ালেই বৈশাখ। বর্ষবরণে চলছে নানা আয়োজন, যার প্রভাব পড়ছে বাজারেও। বৈশাখের হাওয়া বইতে শুরু করেছে ইলেশের বাজারে।

বর্ষবরণে পান্তা-ইলিশের সংযোজন বাঙালিয়ানায় ভিন্নতা এনেছে। ইলিশ ছাড়া বৈশাখ!  এ যেন বাঙালি সংস্কৃতির স্বাদ পানসে হয়ে যাওয়া।

বৈশাখের বাজার পর্যালোচনা এলেই সাম্প্রতিক বছরগুলোতে ইলিশও আলোচনায় গুরুত্ব পায়। গুরুত্ব পাচ্ছে এবারও। বৈশাখের আয়োজনে ইলিশের আবশ্যকতা নিয়ে চলছে নানা জনের নানা মত। পক্ষ-বিপক্ষ নিয়ে অনেকেই সামাজিক যোগাোযগ মাধ্যমগুলোতও আলোচনার ঝড় তুলেছেন।

তবে আলোচনা-সমালোচনা যাই হোক বৈশাখ উপলক্ষে ইলিশের বাজারে ইতিমধ্যেই ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

শুক্রবার রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কেজি প্রতি ইলিশের দাম ২ শ থেকে ৫শ টাকা পর্যন্ত বাড়তি।

খোঁজ নিয়ে দেখা গেছে, গত সপ্তাহে ৮শ গ্রামের একটি ইলিশ হাজার টাকায় বিক্রি হলেও আজ  ১২ শ থেকে ১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তায় এক কেজি ওজনের একটি ইলিশ ২ হাজার টাকায় মিললেও আজ তা আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। এদিকে যোগানের তুলনায় ইলিশের বিক্রি কম বলে জানালেন ইলিশ বিক্রেতারা।

Bazar-elish

তবে বাজারে অন্যান্য মাছের দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত রয়েছে মাংস এবং ডিমের দামও।

হাতিরপুল বাজারে দীর্ঘদিন থেকে মাছ বিক্রি করেন আওলাদ হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, `বৈশাখ উপলক্ষে তো বাজার একটু চড়া হবেই। দাম আড়ৎ থেকেই বাড়ানো হয়েছে।`

তবে গতবারের তুলনায় এবার বিক্রি কম হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক দিন বাকি বৈশাখের। গতবার এমন সময় যা বিক্রি হয়েছে এবার তার অর্ধেকও হয়নি। বাজার চড়া এবং মানুষের মাঝে অভাব থাকায় বিক্রি কম বলে জানান তিনি।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। কাঁচাবাজারের প্রতিটি পণ্যের দাম বেড়েছে।  

গত সপ্তায় বেগুন ৪০ টাকা কেজিতে মিললেও এখন, তা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, চিচিঙ্গা, আলুর দামও বেড়েছে কেজি প্রতি ৫ টাকা। দাম বেড়েছে পেঁয়াজরও। তবে করলাম দাম কমে ৫০ টাকা থেকে ৪০ টাকা কেজি হয়েছে।

হাতিরপুল বাজারের দোকানদার সুমন হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে অনেক খামার নষ্ট হয়ে গেছে। শীত শেষ। সবজির ফলনও কমতে শুরু করেছে। এ কারণেই প্রতিটি পণ্যের দাম কিছুটা বেড়েছে।

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।