জাতীয় বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় প্রথম মেধাতালিকায় জায়গা পেলেন ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৩ মে ২০২৬
এআই নির্মিত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮০ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন।

রোববার (৩ মে) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পাসের হার ও মেধা তালিকার বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। যার মধ্যে মানবিক বিভাগের ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন।

গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু। অন্যদিকে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মোট শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি।

ফল দেখার নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে দেখা যাবে। প্রথমত, মোবাইল ফোনের ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে ফোনের বার্তা অপশনে গিয়ে NU ATHN Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল জানানো হবে।

দ্বিতীয়ত, ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এ ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারীর পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ফলাফল’ অপশন নির্বাচন করলে ফলাফল দেখা যাবে এবং তা নামিয়ে (ডাউনলোড) বা ছাপিয়ে (প্রিন্ট) রাখা যাবে।

মেধা তালিকায় স্থান প্রাপ্তদের করণীয়

প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। সবশেষে নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, নম্বরপত্র (মার্কশিট) ও ছবি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এএএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।