ক্লাস শুরুর আগে ১১ হাজার বৃক্ষরোপণ করবেন মেডিকেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০২ মে ২০২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে রোববার (৩ মে)। এ প্রোগ্রাম শুরুর আগেই মেডিকেলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এতে ক্লাসে বসার আগেই ১১ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করবেন তারা। ‌‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এ কাজ করবেন তারা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৩ মে সকাল ৯টায় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে একসঙ্গে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশের ১১২টি মেডিকেল কলেজ কেন্দ্রীয় অনলাইন ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যুক্ত থাকবে। এতে অংশ নেবেন নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে কলেজগুলো নিজস্বভাবে ওরিয়েন্টেশন শেষ করবে।

এদিকে, একই দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করবেন। ফলে সারাদেশ ১১ হাজারেরও বেশি বৃক্ষরোপণ সম্পন্ন হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে ৩৭টি সরকারি মেডিকেলে পাঁচ হাজার ১০০ জন এবং ৭৫টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৭৮ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।