অপসারণের গুঞ্জনের মধ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১২ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে বলে ছড়িয়ে পড়েছে। গুঞ্জনের মধ্যেই ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। আগামী ২০ মে ঢাকা ছাড়বেন তিনি, ফিরবেন ৬ জুন।

হিসাব অনুযায়ী- তিনি ১৭ দিন অস্ট্রেলিয়া থাকবেন। তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জনের মধ্যেই ব্যক্তিগত সফরে যাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সংশ্লিষ্টরা এটিকে ‘রহস্যজনক’ বলছেন। এদিকে, তার অনুপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. লুৎফর রহমান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

বুধবার (১২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এক অফিস আদেশ থেকে তার সফরের তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আগামী ২১ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৭ দিন পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া সফর করবেন। তার এ সফরের সব খরচ তিনিই বহন করবেন। বাংলাদেশ সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সফরের ব্যয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এছাড়া তিনি নির্ধারিত ছুটির পর আর সেখানে অবস্থান করতে পারবেন না। ছুটি শেষে তিনি নিজ কর্মস্থলে যোগ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবগত করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ‘আমি আপাতত দায়িত্ব পালন করছি। নতুন কেউ এখানে আসছে না। আমরা আপাতত নতুন একজন প্রো-ভিসি পাচ্ছি। অনেকে হয়তো এটাকে উপাচার্য নিয়োগ ভাবছে। আর ১৭ দিনের সফর আমার ব্যক্তিগত। এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।