ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট দেওয়া শিক্ষকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে অফিস আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) রাজীব কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। সব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ আদেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা সেসব পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এতে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এ নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হবে।’
আদেশে বলা হয়েছে, এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন- এমন শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
এএএইচ/জেএইচ