‘রাজনীতি বাদ দিয়ে মাস্টারিতে’ মনোযোগী শামীম, আসছে তার লেখা ৫ বই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ে আলোচনায় আসেন শামীম হোসেন। ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি তিনি। ডাকসু নির্বাচনের পর থেকে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় অংশ নেন। রাজনীতি নিয়ে টিভি টকশোতেও বসতে দেখা গেছে তাকে।
তবে এবার রাজনীতির আলাপ থেকে দূরে সরে নিজ পেশা শিক্ষকতা ও লেখালেখিতে মনোযোগী হচ্ছেন শামীম। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান নর্দান বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।
ফেসবুক পোস্টে শামীম হোসেন লেখেন, ‘লোকজনে উপদেশ দিলো- মাস্টার মানুষ রাজনীতির আলাপ বাদ দিয়ে মাস্টারি করেন। তো কী আর করা- খুব শিগগির ৫ খানা ইংরেজি শিক্ষার বই প্রকাশ করতে যাচ্ছি। সাথে সাহিত্য দর্শনের ভূমিকা, রাজনৈতিক দর্শনের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা বিষয়ক কোর্সও ডিজাইন করে ফেলেছি। ইনশাআল্লাহ ছাত্রদের বুদ্ধিবৃত্তিকভাবে এগিয়ে নেওয়াও রাজনীতির অংশ। সবার দোয়া প্রার্থী।’
আরও পড়ুন
কারিনার জীবন বাঁচাতে লিভার দিতে প্রস্তুত দুই ভাই
হারিয়ে গেছে মহাস্থান জাদুঘরের একটি মূর্তি, জানা গেলো ১৯ বছর পর
পোস্টের নিচে শামীমের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন মন্তব্য করেছেন। মোখলেছুর রহমান নামে একজন লিখেছেন, ‘যদি সদিচ্ছা থাকে তাহলে একজন মাস্টার মানুষ উভয় জগতের কল্যাণকামী হতে পারেন। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিবর্গের অনেকের একাডেমিক সনদ ছিল না। কিন্তু তারা এ জগতের জন্য অনেক কিছু দিয়ে গেছেন।’
জাফরুল্লাহ চৌধুরী নামে আরেকজন লেখেন, ‘ঠিক আছে। মেধার বিকাশ ঘটাও। সবার জন্য রাজনীতি নয়, তবে রাজনীতিবিদদের নতুন দর্শনে জাগিয়ে তোলো- তা তুমি পারবে। দোয়া করি এগিয়ে যাও।’
শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হন। তবে ভোটের প্রচার-প্রচারণাকালে ব্যতিক্রমী বক্তব্য ও প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন তিনি।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার হিসেবে শিক্ষকতা করছেন।
এএএইচ/কেএসআর