ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৫ জুন ২০১৫

পাঁচটি ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবরেটিভ রিসার্চ প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশে ইউজিসি’র সঙ্গে দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫ জন অধ্যাপক ও প্রখ্যাত গবেষকের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার ইউজিসি মিলনায়তনে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইউজিসি সচিব ড. মো. খালেদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির লক্ষ্য ও উদ্দেশ হচ্ছে বাংলাদেশে ইনোভেশন ইকোসিস্টেম সংস্কৃতি গড়ে তোলার সূচনা করা। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহান্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উন্নত বিশ্বে দীর্ঘদিন যাবৎ ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতামূলক (কোলাবরেটিভ) গবেষণা চলে আসছে। সেখানে ইন্ডাস্ট্রিগুলো সহযোগিতামূলক গবেষণায় অর্থায়ন এবং সহায়তা করে আসছে। কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতি নেই বললেই চলে। পাঁচজন গবেষকের সাথে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় অনেক উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ ও ইউজিসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ওয়ার্ল্ড ব্যাংক হেকেপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।