বইমেলার ২য় দিন
শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, নতুন বই এসেছে ১৬
২৭ ফেব্রুয়ারি ছিল অমর একুশে বইমেলার ২য় দিন। মেলা শুরু হয়েছিল সকাল ১১টায়। শেষ হয় রাত ৯টায়। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। মেলায় এদিন নতুন বই এসেছে ১৬টি।
সকাল সাড়ে ৯টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ক শাখায় ৫৪০ জন, খ শাখায় ৬২০ জন এবং গ শাখায় ২৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ।
সকাল সাড়ে ১০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক পর্ব। এতে ক শাখায় ২১০ জন, খ শাখায় ২৭৯ জন এবং গ শাখায় ৯৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: ফরিদা পারভীন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রোমেল। আলোচনায় অংশ নেন ড. আবু ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন ফরহাদ মজহার। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আবদুল হাই শিকদার এবং হাসান হাফিজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নূরুল হাসনাত জিলান, আশরাফুল হাসান বাবু, আরিফুল হাসান এবং সীমা ইসলাম। সংগীত পরিবেশন করেন শিল্পী আলম আরা মিনু, চন্দা চক্রবর্তী, ইন্দিরা রুদ্র, নাফিজা ইবনাত কবির, মিরাজুল জান্নাত সোনিয়া এবং পারভীন লিপি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন, শিমুল বড়ুয়া (তবলা), রাজিব আহমেদ (কী-বোর্ড), মো. মেজবাহ উদ্দিন (অক্টে্যাপ্যাড) ও পল্লব দাস (বেইজ-গিটার)।
আজকের সময়সূচি
আজ ২৮ ফেব্রুয়ারি মেলা শুরু হয়েছে সকাল ১১টায়। শেষ হবে রাত ৯টায়। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। সকাল সাড়ে ১০টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রথমিক বাছাই পর্ব।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: আহমদ রফিক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইসমাইল সাদী। আলোচনায় অংশ নেবেন মোস্তফা তারিকুল আহসান। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা। বিকেল ৪টায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসইউ