৯ কোটির মামলা পেছনে ফেলে শুটিংয়ে ফিরলেন রাজপাল
আইনি জটিলতা কাটিয়ে ফের কাজে ফিরলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি রুপির ঋণ ও একাধিক চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার কয়েক দিনের মধ্যেই মুম্বাইয়ে শুটিং ফ্লোরে যোগ দিয়েছেন তিনি।
নিউজ এজেন্সি এএনআই সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি জামিন পাওয়ার পর সরাসরি কাজে ফেরেন রাজপাল। তার টিম জানিয়েছে, মুম্বাইয়ে পৌঁছেই তিনি শুটিং শুরু করেছেন। পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারি একটি প্রেস কনফারেন্স করে নিজের অবস্থান স্পষ্ট করবেন অভিনেতা।
তিহার জেল থেকে মুক্তি পেয়ে রাজপাল কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘২০২৭ সালে বলিউডে আমার ৩০ বছর পূর্ণ হবে। দেশের মানুষ সবসময় আমার পাশে থেকেছেন। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমি তার জবাব দিতে প্রস্তুত। ধন্যবাদ হাইকোর্ট।’
২০১০ সালে নিজের পরিচালনায় প্রথম সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মিউচুয়াল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে সফল না হওয়ায় ঋণ পরিশোধে সমস্যা দেখা দেয়। অভিযোগ ওঠে, ঋণদাতাকে দেওয়া সাতটি চেক বাউন্স করে।
২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ও তার স্ত্রীকে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন। ২০১৯ সালে সেশনস কোর্টও সেই রায় বহাল রাখে। পরে দিল্লি হাইকোর্টে রিভিশন পিটিশন দায়ের করেন তিনি।
২০২৪ সালের জুনে আদালত তার সাজা স্থগিত রেখে প্রায় ৯ কোটি রুপি পরিশোধের নির্দেশ দেয়। শেষ পর্যন্ত দেড় কোটি রুপি জমা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পান রাজপাল। কঠিন সময়ে বলিউডের কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানা গেছে।
আরও পড়ুন:
৯ কোটির চেক বাউন্স মামলা, রাজপাল ইস্যুতে জড়ালেন অমিতাভ
‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’ সংঘর্ষে বলিউডে বড় ক্ষতির আশঙ্কা
মুক্তির পর বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’র শুটিংয়ে। সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জনি লিভার, লারা দত্ত, শ্রেয়াস তালপাড়েসহ বড় তারকাবহুল দল।
আইনি লড়াই এখনো পুরোপুরি শেষ না হলেও পেশাদার জীবনে বিরতি দিতে নারাজ রাজপাল। বিতর্কের মধ্যেই কাজে ফেরার সিদ্ধান্তে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।
এমএমএফ