একটির পর একটি বাধা, নতুন বিপাকে সালমান খানের সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ঘিরে জটিলতা যেন কাটছেই না। একের পর এক পরিবর্তন ও নতুন শর্তে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে ছবিটি।

শুরুতে চলতি বছরের এপ্রিলেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ছবির নামও বদলে ফেলা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে- ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

জানা গেছে, নির্মাতা অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির এখনো প্রায় ৪০ শতাংশ শুটিং বাকি। ফলে মুক্তির তারিখ আরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তুলে ধরা হচ্ছে ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। পাশাপাশি চীনা বাহিনীরও হতাহতের খবর রয়েছে।

তবে নতুন করে জটিলতা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা। সেখানে জানানো হয়েছে, ছবিতে ‘চীন’ শব্দ ব্যবহার করা যাবে না। দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, নির্মাতারা বলছেন-এই সিনেমা শুধু যুদ্ধ নয়, বরং শান্তি ও মানবিকতার বার্তা তুলে ধরার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। নাম পরিবর্তনের পেছনেও এই ভাবনা কাজ করেছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:
মুক্তির আগেই বিপর্যয়, বিজয়ের সিনেমার দৃশ্য ফাঁসে তোলপাড় 
তিন চরিত্রে আল্লু, ‘রাকা’ সিনেমার পারিশ্রমিক নিয়ে বিতর্ক 

তবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই গল্পে ‘চীন’ শব্দ বাদ দিলে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে। এতে করে সিনেমাটির মুক্তি আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, নাম পরিবর্তন থেকে শুরু করে নতুন নিষেধাজ্ঞা-সবকিছু মিলিয়ে সলমন খানের এই সিনেমা এখন একাধিক বাধার মুখে পড়েছে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।