পলাশীর সেই গোপন চক্রান্তের মতো সরকার দেখতে চান না হামিন আহমেদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
হামিন আহমেদ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত, ভোটাররা মুখিয়ে রয়েছে ভোট দিতে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা অনেকের মনে নির্বাচন নিয়ে শঙ্কাও সৃষ্টি করেছে।

এ সময়ে জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ সামাজিক মাধ্যমে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি চান না, পলাশীর প্রান্তরের মতো কোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। চক্রান্তের মাধ্যমে কোনো সরকার গঠিত হোক।

হামিন লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ শান্তি কামনা করে, নৈরাজ্য ও সহিংসতা যথেষ্ট হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দাবির শেষ নেই, উগ্র জনতাভিত্তিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি।’

আরও পড়ুন
নেদারল্যান্ডসে ৪৩ লাখ টাকা পাচ্ছে সাবেক কৃষিমন্ত্রীর ছেলের সিনেমা
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা

তিনি আরও বলেন, ‘এখন সরকারের দায়িত্ব হলো দেশ জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষ ভয় বা উৎকণ্ঠা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারে। নির্বাচনকালে জনগণ চায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এবং যিনি বা যেসব দল আগামী পাঁচ বছর দেশের নেতৃত্ব দিবে, তাকে গণরায় ক্ষমতায় আনতে।’

হামিন আহমেদ স্পষ্ট করেছেন, ‘আমরা আর কোনো গোপন চক্রান্ত চাই না, সংখ্যা বা গণরায়ের স্পষ্ট সমর্থন ছাড়া কাউকে সরকার গঠন করতে দেখব না। আমরা চাই না ইতিহাসের পুনরাবৃত্তি হোক বা কোনো নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছায়া পড়ুক দেশের রাজনীতিতে।’


এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।