চেলসির দায়িত্ব নিচ্ছেন রিয়ালের চাকরিচ্যুত হওয়া কোচ
তুমুল সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জাবি আলোনসো। কিন্তু বছর না ঘুরতেই চাকরিচ্যুত হন তিনি। তার অধীনের ক্লাবের পারফরম্যান্স ছিল নিম্নমুখী। এবার তিনি স্থায়ী কোচ হতে চার বছরের চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সঙ্গে।
৪৪ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের কোচের নিয়োগ আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
গত মাসে লিয়াম রোজেনিওরকে বরখাস্ত করার পর থেকেই চেলসি নতুন কোচ খুঁজছিল।
সোমবার বিবিসিকে জানিয়েছিল, চেলসি সম্ভাব্য কয়েকজন কোচের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাদের মধ্যে ছিলেন আন্দোনি ইরাওলা, মার্কো সিলভা এবং ওলিভার গ্ল্যাসনের।
তবে সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার আলোনসোই শেষ পর্যন্ত ক্লাবের প্রথম পছন্দ হয়ে ওঠেন এবং দুই পক্ষের আলোচনা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল এবং কিছু নির্দিষ্ট নিশ্চয়তা পেলে আলোনসো এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন।
সাম্প্রতিক সময়ে আলোনসোর নাম লিভারপুলের সঙ্গেও জড়িয়েছিল, যেখানে তিনি খেলোয়াড় হিসেবে পাঁচ মৌসুম কাটিয়েছেন। কারণ চলতি মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের কারণে আর্নে স্লটের ওপর চাপ বেড়েছে।
গত জানুয়ারিতে আট মাসেরও কম সময় দায়িত্ব পালন করার পর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই আলোনসো বেকার ছিলেন।
এর আগে ২০২৩-২৪ মৌসুমে তিনি লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতান, তাও পুরো মৌসুমে অপরাজিত থেকে। একই মৌসুমে তিনি দলটিকে জার্মান কাপও জেতান। এরপর গত গ্রীষ্মে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন।
আইএন