বিচ্ছেদ নিয়ে সরব সুরজ, ‘তৃতীয় ব্যক্তি’ তত্ত্ব উড়িয়ে দিলেন মৌনীর স্বামী
গত ১২ মে মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে ওঠে বলিউড। নানা জল্পনা-কল্পনার মাঝেই নীরবতা ভেঙে বিচ্ছেদের কথা স্বীকার করেন মৌনী। তিনি জানান, দাম্পত্য সম্পর্কের ইতি হলেও বন্ধুত্ব অটুট থাকবে তাদের মধ্যে।
তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক বিতর্ক সামনে আসে। কখনো সুরজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, কখনো আবার পরকীয়ার গুঞ্জন। এমনকি অভিনেত্রী দিশা পাটানিকেও জড়িয়ে নানা কটাক্ষ ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। মৌনী ও দিশার বন্ধুত্ব নিয়েও তৈরি হয় বিতর্ক। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট কেউ।
বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার বিমানবন্দরে দেখা যায় মৌনীকে। ফটো সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের জবাব দিতে মুখ খোলেন সুরজ নাম্বিয়ার।
ইনস্টাগ্রাম স্টোরিতে সুরজ জানান, তাদের বিচ্ছেদ ঘিরে যেসব গল্প ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ। তার কথায়, ‘আমাদের বিচ্ছেদ নিয়ে যে কাহিনি রটানো হচ্ছে, তা অত্যন্ত রুচিহীন। ভরণপোষণ নিয়ে কোনো বিরোধ নেই। আমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির খবরও সম্পূর্ণ মিথ্যা। আমি ও মৌনী পারস্পরিক সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন:
‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা
ব্যাটম্যান-এ যুক্ত হচ্ছেন স্কারলেট
এছাড়াও তৃতীয় ব্যক্তিকে জড়িয়ে যেসব দাবি করা হচ্ছে, তা নিয়েও আপত্তি জানান সুরজ। তিনি বলেন, ‘নির্দোষ মানুষকে এভাবে দোষারোপ করা উচিত নয়। বিশেষ করে এমন বন্ধুদের, যাদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভুয়া তথ্য এতটাই ছড়িয়ে পড়েছে যে, আর নীরব থাকা সম্ভব হয়নি।’
বিবৃতির শেষাংশে সুরজ সবার প্রতি অনুরোধ জানান, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে। একইসঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক শান্তিকে সম্মান জানানোর আহ্বানও করেন তিনি।
এমএমএফ