নির্বাচনী রাজনীতিতে তাসনিম জারাদের নিয়ে যা বললেন আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা ও মনোনয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনী রাজনীতিতে গুণগত পরিবর্তনের অভাব, জোটগত রাজনীতির প্রভাব এবং যোগ্য প্রার্থীদের অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরেছেন।
স্ট্যাটাসে আসিফ উল্লেখ করেন, জোটগত রাজনীতির কারণে এবার অনেক পরীক্ষিত ও যোগ্য প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তার মতে, জুলাই বিপ্লবোত্তর তারুণ্যের রাজনীতিতেও প্রত্যাশিত ক্যারিশমা দেখা যায়নি। নির্বাচনী রাজনীতি এখনো পুরোনো ধাঁচেই চলছে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা-৯ আসনের নির্বাচনী চিত্র তুলে ধরে আসিফ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ডাক্তার তাসনিম জারা (ফুটবল) দলছুট হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক জনপ্রিয় সংগ্রামী ছাত্রনেতা হাবিবুর রশীদ হাবিব (ধানের শীষ)। এই দুই প্রার্থী নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধের সর্বোচ্চ সংস্কৃতি প্রদর্শন করছেন বলে প্রশংসা করেন এই শিল্পী। কাদা ছোড়াছুড়ি ছাড়া রাজনীতির যে চর্চা সম্ভব, তাদের রাজনীতি ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মত দেন তিনি।
আসিফ আরও লেখেন, অনেক মেধাবী ও যোগ্য প্রার্থীকে এবার দলগুলো মনোনয়ন দেয়নি। উদাহরণ হিসেবে ঝালকাঠি-১ আসনের ব্যারিস্টার মইন ফিরোজীর কথা উল্লেখ করেন তিনি। প্রথিতযশা আইনজীবী ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও ‘টিপিক্যাল রাজনীতিক নন’- এই কারণে বড় দলের মনোনয়ন পাননি ব্যারিস্টার মইন। অথচ সংসদে এমন আইন প্রণয়নকারীর প্রয়োজন রয়েছে বলে মনে করেন আসিফ। তবুও হাল না ছেড়ে যোগ্যদের অধিকার আদায়ের দৃষ্টান্ত হয়ে থাকতে চান তিনি-এ কথাও লেখেন এই গায়ক।
আরও পড়ুন:
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী
স্ট্যাটাসের শেষাংশে আসিফ জানান, বহুদিন পর জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও একদিন নিশ্চয়ই ব্যারিস্টার মইন, ডাক্তার তাসনিম জারা কিংবা হাবিবুর রশীদের মতো মানুষরা রাজনীতিতে উদাহরণ হয়ে সফল হবেন-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশপ্রেমের শপথ, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং দীর্ঘদিনের জং ধরা অচলায়তন ভেঙে নতুন দিনের প্রত্যাশার কথাও তুলে ধরেন আসিফ।
এমএমএফ