এপস্টেইন ফাইলে নাম জড়াতেই ভাঙছে গায়িকার সংসার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইন ফাইলে নাম জড়াতেই ভাঙছে গায়িকার সংসার

আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ‘এপস্টেইন ফাইল’ প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ব্রুক জোসেফসন। বিতর্কিত অর্থনৈতিক ব্যক্তিত্ব জেফরি এপস্টেইন সংক্রান্ত আইনি নথিতে তার স্বামী ব্যারি জোসেফসনের নাম উঠে এসেছে। এরপরই দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন গায়িকা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্রুক জানান, স্বামীর সঙ্গে এপস্টাইনের সম্পর্ক সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না।

দীর্ঘ বৈবাহিক জীবনের এমন একটি তথ্য প্রকাশ্যে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও ইঙ্গিত দেন। একই সঙ্গে সন্তানদের কথা বিবেচনা করে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরেই ব্যারি জোসেফসন বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা যায়, ২০০৮ সালে দণ্ডিত হওয়ার পরও এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০১১-১২ সালের মধ্যে তিনি এপস্টেইনের কাছ থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার ডলার ঋণ নিয়েছিলেন বলেও উল্লেখ রয়েছে।

আরও পড়ুন
বিখ্যাত ‘বিটলস’ ব্যান্ডের বায়োপিকে ফারহান
শাহরুখকে নিজের চেয়েও বড় তারকা বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

ই-মেইল আদান-প্রদানের কিছু অংশে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

এদিকে বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে ব্যারি জোসেফসন নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি স্বীকার করেন, অতীতে কিছু ই-মেইলে ব্যবহৃত ভাষা ছিল অনুচিত ও অগ্রহণযোগ্য।

তার দাবি, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি কখনও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি। তবে এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ না করাকে জীবনের বড় ভুল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।

‘এপস্টেইন ফাইল’ প্রকাশের পর বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তি ও তারকাদের নাম সামনে আসছে। সেই তালিকায় স্বামীর নাম জড়ানোয় ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ব্রুক জোসেফসন। বিতর্কের এই প্রভাব যে ব্যক্তিগত সম্পর্কেও গভীর ছাপ ফেলতে পারে, সেটিই যেন আবারও সামনে এলো এই ঘটনার মধ্য দিয়ে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।