সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া কে এই মন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নেন নিতাই রায় চৌধুরী। আগামী ৫ বছর দক্ষ, অভিজ্ঞ ও প্রবীণ এই রাজনীতিবিদের হাতেই থাকবে বাংলাদেশের সংস্কৃতি বিকাশের গুরু দায়িত্ব। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরের হাটবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্ত্রী ঝুমা রায় চৌধুরী। এই দম্পতির নিপুণ রায় চৌধুরীসহ দুই পুত্র ও তিন কন্যা। নিপুণ নিজেও বিএনপির রাজনীতিতে সক্রিয়।

নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।


সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজত হয়েছিলেন। তবে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিতাই রায় চৌধুরী বিপুল ভোটে জয় লাভ করেন।

উল্লেখ্য, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের হয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার স্থলাভিষিক্ত হবেন নিতাই রায় চৌধুরী।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।