বাবা হারালেন অভিনেত্রী মৌমিতা মৌ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাসায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মৌমিতা মৌ বলেন, তার বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছুদিন ধরে অভিনয়ের কাজ থেকেও বিরতি নিয়েছিলেন। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

পরিবার সূত্র জানায়, আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুম মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে।

এর আগে বাবার অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন মৌমিতা মৌ। সেখানে তিনি লেখেন, মাত্র ৩/৪ মাসের মধ্যে কি থেকে কি হয়ে গেল। একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনই ভাবিনি। এখন আমি বুঝি দায়িত্ব কি জিনিস। এখন আমি জানি ধৈর্য্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়। কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা? কবে তুমি আবার আদর করবা? তোমার স্মৃতিগুলো খুব মনে পরতেছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।

২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত তোমারই আছি তোমারই থাকব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌর। এরপর তিনি তুই শুধু আমার, মাটির পরী, মাস্তানি, অন্তর্জ্বালা ও অন্ধকার জগৎসহ একাধিক সিনেমায় অভিনয় করেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও কাজ করেছেন।

 

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।