আমেরিকায় গিয়ে জটিল রোগে আক্রান্ত ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শাহনূর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জটিল রোগে আক্রান্ত ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শাহনূর

জটিল রোগে আক্রান্ত হয়েছেন দর্শকপ্রিয় ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শাহনূর। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেত্রীর প্যানক্রিয়াসে (অগ্ন্যাশয়) টিউমার ধরা পড়েছে। এমআরআই পরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে থেকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহনূর নিজেই।

সবার কাছে দোয়া চেয়ে শাহনূর জানান, তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে। নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসা চলবে তার। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু-এক দিনের মধ্যেই অস্ত্রোপচার করানো হতে পারে।

দ্রুত অপারেশন না হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে সবার দোয়া কামনা করেন অভিনেত্রী।


‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে শাহনূর

এর আগে নিজের ফেসবুক পোস্টে শাহনূর লেখেন, ‘আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনো নিজের জন্য কিছুই করিনি। সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করা, আজেবাজে কথা বলা অথবা কারোর ক্ষতি করা, কাউকে হিংসা করা, এগুলো মাথাই আসেনি। সবসময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমি আমার আব্বু-আম্মুকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বৃদ্ধাশ্রমের সকল বাবা মাকে। আর সে জন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার এত বছরের ক্যারিয়ারে কোনো দিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি, নিজের জন্য দামি গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি গাড়ি-বাড়ি, ধন-সম্পদ কোসো কিছুই তো আমার সাথে যাবে না। আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সাথে যাবে।’

পোস্টের শেষাংশে শাহনূর সবার কাছে ভালোবাসা ও দোয়া কামনা করেন। নামাজের সময় মোনাজাতে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।’ 

একসময় চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনিয়মিত শাহনূর। ক্যারিয়ারে অনেক হিট সিনেমার নায়িকা হয়েছেন তিনি। তবে সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় রিয়াজের বিপরীতে আম্বিয়া চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। নিজের ক্যারিয়ারে এই সিনেমাটিকেই সেরা বলে মনে করেন তিনি।


আমেরিকার হাসপাতালে ভর্তি শাহনূর

গেল এক বছরেরও বেশি সময় ধরে তিনি ইউনাইটেড স্টেটস অব আমেরিকায় অবস্থান করছেন।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।