মা ও বিড়ালের আবেগী গল্পে ‘মিউ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
মা ও বিড়ালের আবেগী গল্পে আসছে ‘মিউ’

ওটিটিতে থ্রিলার আর রহস্যের ভিড়ে এবার আসছে এক আবেগঘন পারিবারিক গল্প। নাম ‘মিউ’। পরিবারের ভেতরের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান আর পোষা বিড়ালের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক মিলিয়ে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্মটি।

এটি পরিচালনা করেছেন আতিক জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। আগামী ৪ মার্চ রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে এটি।

গল্পটি লিখেছেন আলম ভূঁইয়া। নির্মাতা জানান, প্রথম খসড়া থেকে চূড়ান্ত রূপ পর্যন্ত গল্পে এসেছে নানা পরিবর্তন। আলোচনা ও যুক্তি-তর্কের মধ্য দিয়ে একটি মানবিক ও পারিবারিক গল্প দাঁড় করানো হয়েছে, যেখানে একটি পরিবারের সব ধরনের অনুভূতির প্রতিফলন থাকবে।

ফিল্মে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন মা-বাবার চরিত্রে। পরিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মা। আফসানা মিমির ভাষ্য, পরিবার অনেকটা রাষ্ট্রের মতো। সেখানে মা-ই মূল পরিচালক। কখনো কঠোরতা, কখনো মমতা, সবকিছু মিলিয়েই পরিবারকে ধরে রাখতে হয় তাকে। এই বাস্তবতাই উঠে এসেছে ‘মিউ’-তে।

অন্যদিকে সাদিয়া আয়মান বলেন, এটি তার জন্য বিশেষ কাজ। কারণ, এখানে শুধু মানুষের সম্পর্ক নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের আবেগও গুরুত্ব পেয়েছে। মজার বিষয় হলো, তার নিজের পোষা বিড়াল ‘আলু’ও এই ফিল্মে কাজ করেছে।

সব মিলিয়ে ‘মিউ’ হতে যাচ্ছে পরিবারকেন্দ্রিক এক উষ্ণ, মানবিক গল্প, যেখানে ভালোবাসা আর দায়িত্ববোধের পাশাপাশি জায়গা পেয়েছে প্রাণীর প্রতি মমতা।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।