গোপালগঞ্জে শুরু হলো ‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জে শুরু হলো ‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ

পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী কাব্যগ্রন্থ ‌‘সোজন বাদিয়ার ঘাট’। নাম ঠিক রেখে এই কাব্যগ্রন্থ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা তানভীর মোকাম্মেল। অবশেষে দীর্ঘদিনের পরিকল্পনার পর গত ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জের সাতপার গ্রামে শুরু হয়েছে শুটিং।

চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে মধুমতী নদীর তীরের শিমুলতলী গ্রামকে ঘিরে। সেখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। ধর্ম আলাদা হলেও সম্পর্ক আত্মীয়তার মতোই ঘনিষ্ঠ। এই গ্রামের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গী। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক গভীর হয়। কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা ও গ্রামীণ সংঘাত একসময় তাদের জীবনকে ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়।

কবিতার ছন্দে বলা সেই মানবিক প্রেম ও সম্প্রীতির গল্পই এবার ফুটে উঠবে বড় পর্দায়।

সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস। তার ছোটবেলার চরিত্রে রয়েছেন দিহান। দুলী চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। আর শিশুশিল্পী শ্রেয়া বৈদ্য অভিনয় করছেন ছোট দুলীর ভূমিকায়। পাশাপাশি অভিনয়ে আছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল, রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস জানিয়েছে, গ্রামীণ বাংলার আবহ, প্রেম-বিরহ ও মানবিকতার আবেগ পর্দায় তুলে ধরতে কাজ করছে অভিজ্ঞ টিম। শিল্প নির্দেশনা ও চিত্রগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে লোকজ পরিবেশ নির্মাণে।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ধাপের শুটিং। এরপর স্বল্প বিরতির পর শুরু হবে পরবর্তী অংশের কাজ। নির্মাতা জানিয়েছেন, প্রাথমিক ধাপ শেষ করে ঢাকায় ফিরে সিনেমা নিয়ে বিস্তারিত জানানো হবে।

তানভীর মোকাম্মেলের সর্বশেষ ছবি রূপসা নদীর বাঁকে। এর আগে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, জীবন ঢুলী, রাবেয়া, লালন ও লালসালু নির্মাণ করে তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।