তানজিন তিশা-সামিয়া দ্বন্দ্বে যা বলছে অভিনয়শিল্পী সংঘ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৫ মার্চ ২০২৬
তানজিন তিশা-সামিয়া দ্বন্দ্বে যা বলছে অভিনয়শিল্পী সংঘ

ছোটপর্দার অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন অথৈ। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, নির্মাতা রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলছিল মানিকগঞ্জে। সেখানেই সামিয়া অথৈকে মারধর করেছেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এমনই অভিযোগ করেন সামিয়া। লাইভে কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন এই অভিনেত্রী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন তানজিন তিশা। তার দাবি, নাটকের চরিত্রের প্রয়োজনে দৃশ্যধারণের সময় সামিয়া অথৈকে চড় মেরেছিলেন। সেটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না বলেও জানান তিনি।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যখন তুঙ্গে, তখন ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, কোনো সদস্যের সঙ্গে কোনো ধরনের জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘের আচরণবিধির পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমস্যার সমাধান হওয়া উচিত। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফাভাবে কোনো ঘটনা উপস্থাপন করলে তা সংশ্লিষ্ট পেশাজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন
বিতর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বদলে যেতে পারে ২০২৩ সালের তালিকা
তানজিন তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ

এ বিষয়ে কোনো পক্ষ সংগঠনের কাছে অভিযোগ করেছে কি না-জানতে চাইলে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই সংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। আর সে কারণেই বিষয়টি সামনে আসার পর সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

 

এমএমএফ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।