এখন রাস্তার বিড়াল দেখলেই খুব আপন লাগে ব্যাচেলর পয়েন্টের কাবিলার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৫ মার্চ ২০২৬
‘লাভ সিটার’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে

একটি ছোট্ট বিড়ালকে ঘিরে দুই একাকী মানুষের অদ্ভুত এক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার সহধর্মিণী মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই নির্মাতা দম্পতি।

এই ওয়েব ফিল্মে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। গল্পে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে রয়েছে সেই বিড়ালটি। তার উপস্থিতি পুরো কাহিনিকে এগিয়ে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। 

আজ রোববার (১৫ মার্চ) দুপুরে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এর কলাকুশলীরা। প্রিমিয়ার শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছবিটি নিয়ে জিয়াউল হক পলাশ বলেন, ‘আমি প্রথমবার বিড়াল নিয়ে কাজ করলাম। এই কাজটি করতে গিয়ে বিড়ালের প্রতি এক ধরনের মমতা তৈরি হয়েছে। এখন রাস্তার কোনো বিড়াল দেখলেই খুব আপন লাগে।’



সাদিয়া আয়মানের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, ‘খুব ভালো লেগেছে কাজটা করতে গিয়ে। মনেই হয়নি সাদিয়ার সঙ্গে প্রথম কাজ। বেশ মিশুক আর প্রাণবন্ত আর্টিস্ট। আশা করছি সামনে আরও কাজ করা হবে।’

ঈদের তৃতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘লাভ সিটার’। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ভাষায়, এটি শুধু সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট বার্তা। সামান্য যত্ন ও ভালোবাসাও অনেক সময় একটি প্রাণীর পুরো পৃথিবী বদলে দিতে পারে।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।