দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৩ মে ২০২৬
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের ব্যবধানে তার দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয় এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

পোস্টে উল্লেখ করা হয়, তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। একইসঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।

চলতি বছরের শুরুতে তার ব্রেইন টিউমার শনাক্ত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয় বলে জানা গেছে।

তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পান। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

পরবর্তীতে তিনি একাধিক সিনেমায় অভিনয় করলেও নাটকে কাজ করেই বেশি পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া গোয়েন্দাগিরি ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

আরও পড়ুন:
ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার 
নতুন পরিচয়ে আসছেন `ব্যাচেলর পয়েন্ট’র পলাশ 

দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ট্রাইব্যুনাল সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার কথা ছিল এই অভিনেত্রীর। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন চিকিৎসক ও ভক্তরা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।