দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৮ মার্চ ২০২৬
লি সাং-বো। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। ৪৪ বছর বয়সে তার এই আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে ভক্তদের মাঝে।

গত ২৬ মার্চ পিয়ংটেকে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন লি সাং-বো। এরপর ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’, ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’ ও ‘মিস মন্টে-ক্রিস্টো’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

তবে ২০২২ সালে মাদক-সংক্রান্ত এক বিতর্কে তার ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে। শুরুতে তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ উঠলেও পরে তা প্রমাণিত হয়নি। যদিও আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি, তবুও ‘ড্রাগ অ্যাক্টর’ তকমা তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুন:
চার বছর পর ফিরছেন বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা 
মারা গেছেন ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান 

সব বিতর্ক কাটিয়ে ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’র মাধ্যমে অভিনয়ে ফেরেন এই অভিনেতা। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে নতুনভাবে শুরু করার চেষ্টা করছিলেন তিনি। তবে আকস্মিক মৃত্যুতে সেই পথ আর এগোয়নি।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।