অডিশন দিয়ে পেলেন সুযোগ, শুটিং শেষে পরিচয় জেনে সবাই অবাক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
অডিশন দিয়ে পেলেন সুযোগ, শুটিং শেষে পরিচয় জেনে সবাই অবাক

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে উন্মুক্ত অডিশনের মাধ্যমে শিল্পী নির্বাচন করা হয়। সেখান থেকেই নিজের যোগ্যতায় জায়গা করে নেন তিনি। কেউ কিছু টের পাননি। শুটিং শেষ হওয়ার পর জানা গেল, মিউজিক ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আর কেউ নন, তিনি হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দম্পতির মেয়ে শিলো জোলি।

তার পরিচয় জানার পর সবাই রীতিমতো অবাক। কোথাও কোনো তারকাখ্যাতির প্রভাব ছিলো না। ছিলো না কোনো দাম্ভিকতাও। নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে সুযোগ পেয়েছেন। কাজও করেছেন।

বাবা ও মায়ের পথ ধরে অভিনয়ে পা রাখলেন শিলো। জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।

‘হোয়াটস আ গার্ল টু ডু’ শিরোনামের গানের একটি ২৬ সেকেন্ডের টিজার সম্প্রতি প্রকাশ করেছে স্টারশিপ এন্টারটেইনমেন্ট। সেখানে শিলোকে একজন ড্যান্সার হিসেবে দেখা গেছে। তার নাচের দক্ষতা ও আত্মবিশ্বাস ইতোমধ্যেই ভক্তদের নজর কাড়ছে।

১৯ বছর বয়সী শিলো ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন ড্যান্স স্টুডিওতে নিয়মিত অনুশীলন করতেন তিনি। তবে কে-পপ ইন্ডাস্ট্রির মতো বড় প্ল্যাটফর্মে তার অভিষেক হবে, তা অনেকের কাছেই ছিল চমক।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সিউল ও প্যারিসে। এটি এ বছরের অন্যতম ব্যয়বহুল কে-পপ প্রজেক্ট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শিলোর বড় ভাই ম্যাডক্স দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করায় দেশটির সঙ্গে তাদের পরিবারের একটি সংযোগ তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার কে-পপ অঙ্গনে আত্মপ্রকাশ করলেন শিলো।

আগামী সপ্তাহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল আলোচিত এই মিউজিক ভিডিওটি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দায়োং ও শিলোর এই কোলাবরেশন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।