বৈশাখের প্রথম দিনে মেঘদলের একক কনসার্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
বৈশাখের প্রথম দিনে মেঘদলের একক কনসার্ট

বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড মেঘদল। ‘এ হাওয়া’ গান প্রকাশের মাধ্যমে ব্যাপক সাড়া জাগানো এই ব্যান্ড পরবর্তীতে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ ও ‘গোলাপের নাম’ শিরোনামের নতুন দুটি গান উন্মোচন করে তাদের সৃজনশীল অভিযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।

দীর্ঘ বিরতির পর আবারও একক কনসার্টে প্রত্যাবর্তন করছে মেঘদল। ‘ঝোড়ো সময়ে গান’ শিরোনামে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানীর ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।

ব্যান্ডটির প্রধান শিবু কুমার শীল জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা আবার একক কনসার্টে অংশ নিতে যাচ্ছি। এই ধরনের কনসার্টে নিজেদের মতো করে সময় নিয়ে পরিবেশনার সুযোগ থাকে। তাই নতুন ও পুরোনো গান মিলিয়ে শ্রোতাদের জন্য একটি ভিন্নমাত্রিক অভিজ্ঞতা উপহার দিতে চাই।’

আয়োজক সূত্রে জানা গেছে, সীমিত পরিসরের এই কনসার্টে সর্বোচ্চ ২০০ জন দর্শক অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

বর্তমানে মেঘদলের লাইনআপে রয়েছেন- শিবু কুমার শীল (কথা, সুর ও কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর ও কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর ও গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) এবং সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট ও স্যাক্সোফোন)।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।