মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
মস্কো যাচ্ছে ভাবনার সিনেমা

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পরিবর্তিত বাস্তবতা ও পতনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব ভাবনা। এছাড়াও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখসহ মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা।

ভাবনা অভিনীত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। নির্মাতা আসিফ ইসলামের এই চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে।

আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ সেকশনে প্রদর্শিত হবে সিনেমাটি। একই বিভাগে বিভিন্ন দেশের আরও কয়েকটি চলচ্চিত্রও থাকছে। সেগুলোও আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প তুলে ধরবে।

শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচয় ছিল নির্মাতা আসিফ ইসলামের। ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে তিনি উপলব্ধি করেন একসময়কার শক্তিশালী ও আবেগঘন এই শিল্পমাধ্যম এখন অনেক ক্ষেত্রে বিনোদনের নামে ভিন্ন এক রূপ নিয়েছে। সেই অভিজ্ঞতাই হয়ে ওঠে তার সিনেমা নির্মাণের মূল প্রেরণা।

চলচ্চিত্রে দেখানো হয়েছে, কীভাবে গল্পভিত্তিক যাত্রাপালা ধীরে ধীরে দর্শক আকর্ষণের জন্য গ্ল্যামারনির্ভর পরিবেশনায় পরিণত হচ্ছে। ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী মঞ্চ দখল করে নেয়, আর গল্প ও অভিনয় হারিয়ে যায় দর্শকের চাহিদার ভিড়ে। এভাবেই সমাজের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

নির্মাতা আসিফ ইসলাম বলেন, এই চলচ্চিত্র শুধু যাত্রাশিল্পের গল্প নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি। দর্শকের রুচি, বিনোদনের চাহিদা এবং সাংস্কৃতিক পরিবর্তনের যে ধারা সিনেমাটি সেটিই তুলে ধরার চেষ্টা করেছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।